২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: শনিবার আবার গণশুনানি

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দ্বিতীয় দিনের গণশুনানি শুরু হয়েছে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যানের সাক্ষ্য নেয়ার মধ্য দিয়ে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 11:31 AM

Updated : 25 Apr 2022, 04:11 PM

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে সার্কিট হাউজে হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিটির এ কার্যক্রম শুরু হয়, যা চলে বেলা ২টা পর্যন্ত।

দ্বিতীয় দিনের গণশুনানির পর তদন্ত কমিটি শনিবার আবার শুনানি নেবে বলে জানিয়েছে।

প্রথম দিনের শুনানিতে ছয়জন উপস্থিত হওয়ায় সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপত্তাহীনতার শঙ্কায় অনেকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে মুখ খুলতে তদন্ত কমিটির সামনে আসছে না। গণশুনানির স্থানটি নিয়েও রয়েছে আপত্তি।

দ্বিতীয় দিনে সাক্ষ্য দিতে এসে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “গণশুনানির আয়োজনটি সিদ্ধিরগঞ্জে হলে ভালো হত, তাহলে অনেকেই সাক্ষ্য দিতে আসত। নিরাপত্তার কথা চিন্তা করে অনেকেই এখানে আসতে চাইছেন না।”   

সোমবার প্রথম দিনের গণশুনানির সময় আসা নিহত কাউন্সিলর নজরুলের ছোট ভাই আব্দুস সালামও একই আপত্তি তুলে সিদ্ধিরগঞ্জ এলাকায় গণশুনানি নেয়ার আহ্বান জানিয়েছিলেন।

অপহরণের তিন দিন বাদে গত ৩০ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনের লাশ উদ্ধার হওয়ার পর এই হত্যাকাণ্ডে র‌্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে তদন্ত কমিটি গঠনের আদেশ দেয় হাই কোর্ট।

এর আগে শনিবার জনপ্রশাসনের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর সোমবার প্রথম দিনের মতো হয় গণশুনানি। 

প্রথম দিনের সাক্ষ্য প্রদানকারী ছয় জনই হত্যাকাণ্ডের জন্য র‌্যাব-১১’র সাবেক তিন কর্মকর্তাসহ কাউন্সিলর নূর হোসেন ও তার সমর্থকদের দায়ী করেন। প্রশাসনের দায়িত্বহীনতা, নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

আওয়ামী লীগ থেকে অব্যাহিত পাওয়া নূর হোসেন ভারতে পালিয়ে গেছেন বলে র‌্যাবের ধারণা।

সাক্ষ্য দিতে আসা সবাই মনে করেন, প্রধান আসামি নূর হোসেনকে পাওয়া না গেলেও ওই তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে।

প্রশাসনিক এই তদন্ত কমিটি বুধবার তাদের এক সপ্তাহের কাজের অগ্রগতির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে হাই কোর্টে জমা দিয়েছে, বৃহস্পতিবার তা আদালতে উপস্থাপন করা হয়।

পুরো তদন্ত শেষ করতে আদালতের কাছে এক মাস সময়ও চেয়েছে সাত সদস্যের এই কমিটি।

পুরনো খবর:

৭ খুন: তদন্ত কমিটি এক মাস সময় চায়
নারায়ণগঞ্জে গণশুনানিতে ৬ জনের সাক্ষ্য
৭ খুনের তদন্ত: র‌্যাবের বিরুদ্ধে বলে এল নিহতদের স্বজনরা
কমিটি করে নারায়ণগঞ্জের ঘটনা তদন্তের নির্দেশ হাই কোর্টের