ভাই-বোন নিখোঁজ ২১ দিন
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার ২১ দিন পরও উদ্ধার হয়নি স্কুল শিক্ষার্থী দুই ভাই-বোন।
গত ২২ এপ্রিল উপজেলার জপসা ছিটু মাদবর কান্দি গ্রামের নুরু বেপারী ছেলে নাজমূল হোসেন (১২ ) ও মেয়ে রজনী আক্তার (১০) বাবার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।
রজনী চর ভোজেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও নাজমূল হোসেন একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের না পাওয়ায় গত ৪ মে থানায় একটি সাধারণ ডায়েরি করেন নাজমুল ও রজনীর মা নুরুন্নাহার বেগম।
নড়িয়া থানার ওসি এ কে এম আবুল কাসেম বলেন, ডায়েরি করার পর তারবার্তার মাধ্যমে বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
নড়িয়া থানা পুলিশ ও পরিবার জানায়, মাদবরকান্দি গ্রামের দিনমজুর নুরু বেপারীর স্ত্রী নুরুন্নাহার বেগম শ্রমিক হিসেবে কাজ করতে দুই ছেলে ও এক মেয়ে বাড়িতে রেখে দুবাই যান।
গত ২২ এপ্রিল নুরু বেপারী ছেলে নাজমূল ও মেয়ে রজনীকে রাগের মাথায় গালাগাল করেন। এরপর তিনি বাড়ির বাইরে কাজে চলে গেলে নাজমুল ও রজনী বাড়ি থেকে বের হয়। নড়িয়া উপজেলা সদরে খালার বাড়িতে যাবে বলে প্রতিবেশীদের জানায় তারা।
গত ২ মে নুরুন্নাহার বিদেশ থেকে বাড়ি এসে নিখোঁজের ১১ দিনের মাথায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তাদেরকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন মা নুরুন্নাহার বেগম।
