গণভবনের দিনমজুরদের জন্য প্রধানমন্ত্রীর ভোজ
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের লেইকের কাদা অপসারণকারী দিনমজুরদের জন্য প্রধানমন্ত্রী একদিন মধ্যাহ্নভোজ দিয়েছেন বলে জানিয়েছেন তার একজন মুখপাত্র।
সোমবার ফেইসবুকে নিজের একাউন্ট থেকে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেছেন, “গণভবনের লেকে জমে গেছে অনেক পলি। লোক দরকার- কাদা অপসারণের।
“সেখানে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“প্রায় দেড়শ' দিনমজুরের কষ্টের বিনিময়ে লেক কাদামুক্ত।
“প্রধানমন্ত্রী একদিন তাদেরকে দুপুরের খাবার খাওয়ালেন, ঘরের অতিখি হিসাবে, উনার সামর্থ্য অনুযায়ী তাদের পরিবারের জন্য কিছু টাকা উপহারও দিলেন।”
শাকিল পোস্টে আরো বলছেন, “প্রধানমন্ত্রী বললেন, আমি ওদের সাথে কথা বলবো। সেদিন ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সন্ধ্যা।
“ফিরে এসে প্রধানমন্ত্রী লেকের পাশে তার গাড়ী থামালেন। ওদের সাথে কথা বললেন।
“একজন দিনমজুর বলে উঠলো, ‘আপা, আপনার দেয়া পোলাও-মাংস পেট ভরে খাইছি’।"
“প্রধানমন্ত্রী দিনমজুরদের বলেন, ‘আপনারা আমার মেহমান’।"
“এসময় একজন দিনমজুর বললেন- ‘আল্লাহর কসম, বিশ্বাস হইতেছেনা, আফনে আমরার লগে কথা কইতাছুইন’!"
শাকিল লিখেছেন, “বঙ্গবন্ধুকন্যা বললেন, ‘আপনারাই আমাকে এখানে এনেছেন। গণভবন বড়লোকদের খাওয়াবে না। আপনাদের খাওয়াবে যতোদিন আমি আছি এখানে’।”
সেসময় অনেকে কেঁদে ফেলেন বলে জানিয়েছেন শাকিল।
