২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদায় ডিম সংগ্রহের উৎসব

অনুকূল পরিবেশে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 02:31 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

জেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, রোববার রাত সাড়ে ১০টার পর থেকে ডিম ছাড়া শুরু করে মা মাছ।

দিনভর অপেক্ষায় থাকার পর জেলেরা রাতেই ব্যস্ত হয়ে পড়ে ডিম সংগ্রহের কাজে। সোমবার দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে চলে ডিম সংগ্রহের উৎসব।

মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, “হালদার প্রতিটি পয়েন্টেই ডিম সংগ্রহ চলছে। সংগ্রহ করা ডিমের পরিমাণও মোটামুটি সন্তোষজনক।

“গত রোববার প্রবল বৃষ্টির কারণে মা-মাছ ডিম দেয়া শুরু করেছে।

এসময় হালদায় সব ধরনের ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কামাল উদ্দিন।

রাউজান ও হাটহাজারী  উপজেলার প্রায় ৫০ মাইল বা ৮১ কিলোমিটার জুড়ে থাকা হালদায় বর্ষার শুরুতে পূর্ণিমা-অমাবস্যার তিথিতে পাহাড়ি ঢলের পানির সঙ্গে বজ্রসহ প্রবল বর্ষণ হলে ডিম ছাড়ে মা মাছ।

পাশাপাশি নদীর পানির তাপমাত্রা ও লবণাক্ততাও ডিম ছাড়ার অনুকূল হতে হয় বলে জানান হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া।

রাউজান ও হাটহাজারী উপজেলার হালদা নদীর সত্তার ঘাট, অংকুরী ঘোনা, মদুনাঘাট, গড়দুয়ারা, কান্তার আলী চৌধুরী ঘাট, নাপিতের ঘাট, উত্তর মাদার্শা এলাকার বাঁকে ডিম ছেড়েছে রুই জাতীয় মা মাছ।

হাটহাজারী উপজেলার হ্যাচারি সহকারী ছোটন দাশ জানান, নদীতে পাহাড়ি ঢল আছে। এখন বিকাল বা রাতে বজ্রসহ বৃষ্টি হলে মা-মাছ আরো একবার ডিম ছাড়তে পারে। জেলেরা এখন সে আশায় আছে।