আবার আইন ভাঙলো স্বপ্ন, গুণলো জরিমানা
আবারো তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ভ্রাম্যমাণ আদালতের কাছে জরিমানা দিতে হয়েছে সুপার শপ স্বপ্নকে।
রোববার রাজধানীর রামপুরায় স্বপ্ন’র একটি শাখাকে এক লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক শিলু রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্বপ্নের ওই শাখার প্রবেশপথে একটি সুসজ্জিত শেলফে সিগারেট সাজিয়ে রাখায় তাদের এই জরিমানা করা হয়।
এর আগে পর পর দুবার গত বছরের সেপ্টেম্বর ও চলতি বছরের ফেব্রুয়ারিতে একই অপরাধে স্বপ্ন’র ওয়ারি শাখাকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন একই বিচারক।
গত বছর সংশোধিত তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ বা পরোক্ষ বিজ্ঞাপন সংক্রান্ত প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা হয়। এবিধান লঙ্ঘন করলে অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডের শাস্তি রাখা হয়।
