২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জের ঘটনায় জড়িতদের শাস্তি হবেই: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সরকার সর্বাত্মক চেষ্টা করছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 08:12 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

পুরনো খবর:

আরো সময় চাইলেন নারায়ণগঞ্জের এসপি
৭ খুনের তদন্ত: র‌্যাবের বিরুদ্ধে বলে এল নিহতদের স্বজনরা

নারায়ণগঞ্জের ঘটনায় নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের পরিবারের সদস্যরা রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলে তিনি তাদের একথা বলেন বলে জানিয়েছেন তার একজন মুখপাত্র।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব হক শাকিল সাংবাদিকদের বলেন, “চন্দন কুমারের স্ত্রী অর্চনা সরকারকে জড়িয়ে ধরে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

“প্রধানমন্ত্রী বলেছেন, এই অমানবিক ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত তাদের গ্রেপ্তারে সরকার সার্বাত্মক চেষ্টা করছে।’

শাকিল বলেন, “ঘটনা ঘটার পরেই আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তারে সরকার সর্বাত্মক চেষ্টা চালচ্ছে। তদন্তের স্বার্থে প্রশাসন এবং র‌্যাব-পুলিশকে সরিয়ে দেয়া হয়েছে। সরকার নীরব বসে থাকেনি।”

শাকিল আরো বলেন, “অর্চনাসহ প্রয়াত চন্দন সরকারের সদস্যরা প্রধানমন্ত্রীকে বলেছেন, তাদের স্থির বিশ্বাস তাদের প্রিয়জনের হত্যার বিচার নেত্রীই করতে পারবেন।

“ঘটনার পর প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপ উল্লেখ করে চন্দনের পরিবারের সদস্যরা বলেন, আন্তরিকভাবে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে আপনার সরকার চেষ্টা করেছে।

“প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অর্চনা সরকার বলেছেন, ‘আপনি স্বজন হারানোর বেদনা বহন করছেন। আপনি জানেন স্বজন হারানোর ব্যাথা কি। আমাদের বিশ্বাস আপনিই পারবেন এই বিচার নিশ্চিত করতে’।”

আইন পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি চন্দন কবিও ছিলেন জানিয়ে অর্চনা তার স্বামীর লেখা দুটি কবিতার বই প্রধানমন্ত্রীকে উপহার দেন বলে জানান শাকিল।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, নিরীহ কবি মানুষকে যারা হত্যা করেছে তাদের অবশ্যই খুঁজে বের করে বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে, জানান প্রধানমন্ত্রীর সহকারী।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোহবান সিকদার এসময় উপস্থিত ছিলেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পৌনে ৮টা পর্যন্ত অর্চনা সরকারসহ নিহত আইনজীবীর পরিবারের নয় জন সদস্য গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

আইনজীবী মেয়ে সেঁজুতি সরকার, সুস্মিতা সরকার, স্বাতী সরকার, সপ্তর্ষী সরকার এবং মেয়ের জামাই বিজয় কুমার পাল, রঞ্জিত দেবনাথ, অমিত সিংহ ছাড়াও চন্দনের নাতনী রোদসী পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

২৭ এপ্রিল আদালত প্রাঙ্গণ থেকে নজরুল চার সহযোগী নিয়ে বেরিয়ে যাওয়ার পরপরই পেছনে গাড়ি নিয়ে বের হয়েছিলেন চন্দন সরকার।

তিন দিন পর নজরুলদের সঙ্গে চন্দন ও তার গাড়িচালক ইব্রাহিমের লাশ পাওয়া যায়।

চন্দনের পরিবারের ধারণা, অপহরণের ঘটনা দেখে ফেলায় এই আইনজীবী ও তার গাড়িচালককেও হত্যা করা হয়।