আরো সময় চাইলেন নারায়ণগঞ্জের এসপি
সাত হত্যাকাণ্ডের তদন্তে ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি হয়েছে দাবি করে আসামিদের গ্রেপ্তারে আরো সময় চেয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন।
লাশ উদ্ধারের পর ১০ দিন পেরুলেও আসামিদের কেউ গ্রেপ্তার না হওয়ায় নিহতদের স্বজনের ক্ষোভের প্রেক্ষাপটে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি আরো সময় নেয়ার কথা বলেন।
“ঘটনার পর ১২/১৩ দিন বেশি সময় নয়। আমাদের সময় দিন, বিশ্বাস করুন। আমরা সুন্দর ও ভালো কিছু দিতে চাই,” বলেন পুলিশ সুপার।
গত ২৭ এপ্রিল কাউন্সিলর নজরুলসহ সাতজনকে অপহরণের পর নারায়ণগঞ্জের তৎকালীন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে সরিয়ে আনা হয়।
তিনদিন বাদে লাশ উদ্ধারের পর নরসিংদী থেকে নারায়ণগঞ্জে দায়িত্ব নিয়ে যান মহিদ উদ্দিন। তিনি নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের তদন্তও তত্ত্বাবধান করেছিলেন।
নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেন দেশের বাইরে পালিয়ে গেছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্র জানালেও পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানান পুলিশ সুপার।
তদন্তের অগ্রগ্রতির বিষয়ে তিনি বলেন, “নোয়াখালী থেকে আটক নূর হোসেনের গাড়ির চালক মহিবুল্লাহ এবং তার শ্যালক সম্রাটের কাছ থেকে তদন্ত কাজে সহায়ক উল্লেখযোগ্য তথ্য পাওয়া যেতে পারে।
“ক্রেডিট নেয়া মতো অনেক তথ্য আমাদের কাছে আছে। কারা কারা অপরাধীদের সহায়তা করতে পারে, আশ্রয় দিতে পারে, এমন অনেক তথ্যের ওপর ভিত্তি করেই আমরা অভিযান চালাচ্ছি।”
এছাড়া নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের মোবাইল ফোনসহ গ্রেপ্তার দুজনের কাছ থেকেও তথ্য পাওয়ার আশায় আছেন তিনি।
অনেকের নাম এলেও তাদের গ্রেপ্তার না করার বিষয়ে মহিদ উদ্দিন বলেন, “গণগ্রেপ্তার করা উচিত নয়। কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে।”
তিনি জানান, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এই পর্যন্ত ২১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৭ জনকে হত্যামামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলার আসামিদের মধ্যে কেউ গ্রেপ্তার না হওয়ার বিষয়টি তুলে ধরা হলে পুলিশ সুপার বলেন, “একটি বড় অপরাধের সঙ্গে শুধু এজাহারভুক্তরাই জড়িত থাকবে এমনটা নয়। এজাহারের বাইরেও অনেকে জড়িত থাকে। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।”
নিহত আইনজীবী চন্দন সরকারের মোবাইলের ভিডিওচিত্র পাওয়া গেছে বলে যে খবর প্রকাশ হয়েছে, তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি একজন দায়িত্বশীল জায়গায় থেকে যে কোনো মন্তব্য করতে পারি না। অনেক কিছুই অদৃশ্যমান রয়েছে, দৃশ্যমান হলে সেটা জানানো হবে।”
এই হত্যাকাণ্ডে র্যাবের তিন কর্মকর্তা সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগ উঠেছে। র্যাবের ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশও রোববার দিয়েছে হাই কোর্ট।
ওই তিন কর্মকর্তা হলেন- র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানা।
এদের মধ্যে তারেক সাঈদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।
অপহরণের ঘটনার দুদিন পর তাদের নারায়ণগঞ্জ থেকে সরিয়ে এনে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়। তাদের ইতোমধ্যে অবসরে পাঠানো হয়েছে।
৮ আসামি রিমান্ডে
হত্যাকাণ্ডের দুই মামলায় নূর হোসেনের গাড়ির চালকসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
মহিবুল্লাহ ও সম্রাটের পাশাপাশি আগে গ্রেপ্তার ছয়জনকে রোববার আদালতে পাঠিয়ে হেফাজতের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ।
ছয়জনকে দ্বিতীয় দফায় আরো পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। মহিবুল্লাহকে ৫ দিন এবং তার শ্যালক সম্রাটকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছে পুলিশ।
আইনজীবীদের মানবন্ধন
খুনিদের গ্রেপ্তারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববারও মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
মানববন্ধনে আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আদালত বর্জন এবং প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন।
“খুনিদের গ্রেপ্তারে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করেছি। তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”
মানববন্ধনে ঢাকা থেকে গিয়ে অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম প্রমুখ।
এদিকে সাত খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে গণতান্ত্রিক বাম মোর্চা।
