নূর হোসেনের গাড়িচালক নোয়াখালীতে ‘গ্রেপ্তার’
নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের গাড়িচালক মহিবউল্লাহ নোয়াখালীতে গ্রেপ্তার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মহিবউল্লাহ নয়নের গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
তবে স্থানীয় পুলিশ এই বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে। এই মামলার তদন্তকারী নারায়ণগঞ্জ গোয়েন্দা বিভাগের (ডিবি) কোনো কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাত খুনে জড়িত থাকার সন্দেহে এর আগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয় নরসিংদী থেকে।
মহিবউল্লাহকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর লাউতলী গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় বলে রসুলপুরের চেয়ারম্যান নুরুল আমিন জানান।
গত ৩ মে নূর হোসেনের বাড়ি থেকে জব্দ করা মাইক্রোবাস
মহিবউল্লাহর সঙ্গে তার শ্যালক ফেরদৌস কোরেশী সম্রাটকেও পুলিশ ধরে নিয়ে যায় বলে ইউপি চেয়ারম্যান জানান।
এই বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ওসি মোস্তফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এই ঘটনা সম্পর্কে অবগত নই।”
চেয়ারম্যান নুরুল আমিন জানান, মহিবউল্লাহর শ্বশুর সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কাচপুরে বসবাস করে আসছেন। চার দিন আগে মহিউল্লাহ নোয়াখালী এসে ওই বাড়িতে আশ্রয় নেন।
সিরাজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ আমার গ্রামের বাড়ি থেকে জামাতা মহিবউল্লাহ ও ছেলে সম্রাটকে ধরে নিয়ে গেছে বলে জেনেছি।”
মহিবউল্লাহ পরিবহণ শ্রমিক বলে জানান তিনি।
হত্যাকাণ্ডের পর থেকে পলাতক নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ। তার ভাইয়ের একটি গাড়িও আটক করা হয়েছে।
