শ্রমিক-ছাত্র মুখোমুখি, বাস চলছে না দিনাজপুরে
মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটের কারণে দিনাজপুর শহরে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে ঢাকাগামী কোচের সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই এ কর্মসূচি চলছে।
বাস ভাংচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে এই কর্মসূচি ডাকা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পদক মো. রাব্বি।।
দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের সব পরিবহণ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাটের স্থানীয় সাংবাদিক আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে আসা কোনো বাস শহরের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। যাত্রীরা নেমে ব্যক্তিগত উদ্যোগে গন্তব্যে যাচ্ছেন।
এদিকে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নিয়ে আছে।
বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রক্টর এটিএম শফিকুল ইসলাম।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।
বুধবার বিকালে শহরের কালীতলা এলাকায় সাগরিকা পরিবহনের একটি বাস হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বহনকারী বাসে ধাক্কা দেয়।
এতে স্টাফ ও কর্মকর্তারা প্রতিবাদ জানালে পরিবহণ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের বাসের দুই সহকারী রাজু ও আরিফকে মারপিট করে।
এরপর বিশ্ববিদ্যালয়ের আরো চারটি বাসে শ্রমিকরা ইট ছুড়লে কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্তত ছয়জন আহত হন।
এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে দিনাজপুরের সঙ্গে রংপুর ও ঠাকুরগাঁওয়ের সড়ক যোগাযোগ বন্ধ করে দেয় এবং ওই পথ দিয়ে যাওয়া দুটি গাড়ি ভাংচুর করে।
