২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে রাজনীতি থেকে হটাতে ‘চক্রান্ত’: বিএনপি

নারায়ণগঞ্জে সমাবেশে অনুমতি না দেয়া এবং মামলার বিচার অস্থায়ী আদালতে নেয়াকে খালেদা জিয়াকে রাজনীতি থেকে হটানোর ‘চক্রান্ত’ মনে করছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 11:40 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

নারায়ণগঞ্জের সমাবেশে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ‘না’ জানানো এবং জিয়া অরফ্যানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা স্থানান্তরের খবর প্রকাশের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এই মত প্রকাশ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে হেয় করতে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ এই মামলা করা হয়েছে।

“এই মামলার বিচার একটি দায়রা আদালতে চলছিল। আইন মন্ত্রণালয় তা আলিয়ার মাদ্রাসায় নেয়ার বিজ্ঞপ্তি দিয়েছে, এর কারণ হল খালেদা জিয়াকে হয়রানি করা। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার পূব পরিকল্পনার অংশ এসব।”

দুর্নীতি দমন কমিশনের এই মামলা দুটিতে গত ১৯ মার্চ খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

নিরাপত্তার কারণ দেখিয়ে মামলা দুটির বিচার পুরান ঢাকার জজ আদালতের পরিবর্তে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ এজলাস বসিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে।

নারায়ণগঞ্জের জনসভার অনুমতি না দেয়ার প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “বিএনপি চেয়ারপারসন নারায়ণগঞ্জে নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাতে, সহানুভূতি জানাতে যেতে চাচ্ছিলেন।

“তাকে বাধা দেয়া গণতন্ত্রকে বাধা দেয়ার শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

নারায়ণগঞ্জের মেয়র আইভী বিএনপিকে ১৪ মে জনসভা করতে না দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অনুমতি দেবেন বলে ফখরুল আশা করেন।

নারায়ণগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ জেলাটিতে গেছেন বলেও বিএনপি নেতারা জানান।

সাত খুনের ঘটনায় আলোচিত নারায়ণগঞ্জে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার প্রস্তুতি বিএনপি নিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করে অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নেন আওয়ামী লীগের  আইভী।

১৪ মে জনসভার দিন ঠিক করে অনুমতির জন্য বুধবার দুপুরে সিটিকর্পোরেশনে আবেদন করেছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার।

মেয়র আইভী রাতে সাংবাদিকদের বলেন, “নারায়ণগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এবং তারা যে স্থানে অনুমতি চাইছে, সেই রাস্তার পাশে হাসপাতাল থাকায় বিএনপিকে অনুমতি দেয়া যাচ্ছে না।”

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে বঙ্গবন্ধু সড়কে সমাবেশ করতে চেয়ে সিটি কর্পোরেশনের কাছে অনুমতি চায় বিএনপি।

গত মাসের মধ্যভাগে নারায়ণগঞ্জে অপহৃত হন পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এ বি সিদ্দিক। তবে দুদিনের মাথায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

এর দুই সপ্তাহের মাথায় কাউন্সিলর নজরুল এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে তুলে নেয়া হয় গত ২৭ এপ্রিল। তিন দিন পর তাদের লাশ নদীতে পাওয়া যায়।

এই হত্যাকাণ্ডে র‌্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ নজরুল পরিবার তোলার পর তা নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা চলছে।

তৈমুর আলম সাংবাদিকদের বলেন, “নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। একের পর এক খুন-গুমের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন আগামী ১৪ মে সমাবেশ করতে চান।”

পুরনো খবর:

খালেদার জনসভায় আইভীর ‘না’
খালেদার বিচারে আদালত বসবে আলিয়া মাদ্রাসা মাঠে