দ্য ববস জিতল বাংলাব্রেইল প্রকল্প
ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড দ্য বব্স-এর ‘সেরা উদ্ভাবন’ বিভাগে ‘জুরি’ এবং ‘পিপলস চয়েস’ অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাব্রেইল।
এই অনলাইন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কয়েক হাজার অন্ধ শিক্ষার্থীর জন্য ব্রেইল এবং অডিও বুক তৈরি করছেন একদল স্বেচ্ছাসেবী৷
এছাড়া সেরা ব্লগ বিভাগে মিশরের আলোকচিত্রী মুসা’আব এলসামি-র ব্লগ, সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম বিভাগে ভিজ্যুয়েলাইজিং প্যালেস্টাইন, সেরা সৃজনশীল এবং মৌলিক বিভাগে চীনের উইকোম্বো, গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে ভারতের ‘খবর লহরিয়া’ এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বিভাগে ইউক্রেইনের ‘ইয়ানুকভিচ লিকস’ জুরি অ্যাওয়ার্ড জয় করেছে৷
দ্য বব্স-এর ১৫ জন বিচারক বার্লিনে ৪ এবং ৫ মে বৈঠকের মাধ্যমে জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের নির্বাচন করেছেন বলে বুধবার ডয়চে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোট ছয়টি আন্তর্জাতিক ক্যাটাগরিতে দ্য বব্স-এর জুরি অ্যাওয়ার্ড দেয়া হয়। বিজয়ীরা আগামী ৩০ জুন থেকে ২ জুলাই জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নিয়ে পুরস্কার নেয়ার সুযোগ পাবেন৷
বাংলাব্রেইল প্রকল্পের জয় প্রসঙ্গে দ্য বব্স-এর বাংলা ভাষার জুরি শহিদুল আলম বলেন, “বাংলাদেশের অনেক শিশুর জন্য যেখানে শিক্ষা একটা বিলাসিতা, দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা গ্রহণ সেখানে আরো অনেক দুরূহ।
“বাংলাব্রেইল শুধু দৃষ্টিহীনদের অধিকারের বিষয়ই তুলে ধরে না, ব্লগ এর অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধানেরও চেষ্টা করে।”
বিজয়ের খবরে প্রতিক্রিয়ায় বাংলাব্রেইল প্রকল্পের সমন্বয়ক রাগিব হাসান বলেন, “ডয়চে ভেলের এই পুরস্কার জয় করার পরে বাংলাব্রেইলের কথা আরো অনেকে জানবে, আমরা আরো কর্মী পাব, এটাই আমাদের আশা।”
গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে এই পুরস্কার জয় করেছে নারী বিষয়ক বাংলা ওয়েবসাইট ‘উইম্যান চ্যাপ্টার’ এবং বাংলা ভাষা বিভাগে জিতেছে বিজ্ঞান বিষয়ক ব্লগ ‘জিরো টু ইনফিনিটি’।
