‘দ্য ববস’ এ বাংলা ভাষায় ৬ প্রতিযোগী
বাছাই শেষ হয়েছে; শুরু হয়েছে ডয়চে ভেলের সেরা ব্লগ বাছাইয়ে ভোট, যাতে বাংলা ভাষার ছয় প্রতিযোগী রয়েছে।
জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের নিয়মিত আয়োজন সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য ববস’।
এবার ‘দ্য ববস’-এ ছয়টি বিভাগে ১৪টি ভাষার মোট ১৫৪ জন প্রতিযোগীর মধ্যে সেরাদের বাছাইয়ে ভোট শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ৭ মে পর্যন্ত ভোট নেয়া হবে। বাংলাসহ অন্যান্য ভাষার প্রতিযোগীদের অনলাইনে ভোট দেয়া যাবে www.thebobs.com/bengali ঠিকানায়৷
মে মাসের শুরুতে জার্মানির বার্লিনে বিচারকরা এক সম্মেলনে অংশ নিয়ে ছয়টি আন্তর্জাতিক বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্ধারণ করবেন।
৭ মে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীরা জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নিয়ে পুরস্কার নেবেন৷
দশম বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাসহ ১৪টি ভাষায় ৩ হাজারের বেশি মনোনয়ন জমা পড়ে। এদের মধ্য থেকেই ১৫৪ চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীকে বাছাই করেন বিচারকরা।
চূড়ান্ত বাছাই বাংলা ব্লগগুলো হলো- বেস্ট ব্লগ ক্যাটেগরিতে মুক্তমনা ব্লগ, সেরা উদ্ভাবনে বাংলা ব্রেইল প্রকল্প, সেরা সোশ্যাল অ্যাক্টিভিজমে গণজাগরণ মঞ্চ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সে রাসেল পারভেজের ব্লগ, গ্লোবাল মিডিয়া ফোরামে উইমেন চ্যাপ্টার এবং সবচেয়ে সৃজনশীল এবং মৌলিক ক্যাটাগরিতে রয়েছে সার্চ ইঞ্জিন পিপীলিকা৷
এছাড়া ‘পিপলস চয়েস বাংলা’’ বিভাগে রয়েছে পাঁচটি বাংলা অনলাইন উদ্যোগ৷
ডয়চে ভেলের প্রোগ্রাম ডিরেক্টর গেয়ার্ড ম্যয়ার এই আয়োজন প্রসঙ্গে বলেন, “বাক-স্বাধীনতার চর্চা বাড়াতে এবং সমাজে স্বচ্ছতা আনতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ অনলাইনে উদ্যোগ নিচ্ছেন।
“কিন্তু ইন্টারনেটের দিকে নজর রাখা হচ্ছে, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে – আর এই ব্যাপারটি চলতি প্রতিযোগিতায় জমা পড়া বিভিন্ন মনোনয়নে ফুটে উঠেছে।”
