২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের ১১ অস্ত্রের লাইসেন্স বাতিল

সাত খুনের মূল সন্দেহভাজন নূর হোসেন ও তার সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 06:41 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

এগুলো জব্দের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া।

কাউন্সিলর নজরুলসহ সাতজনের লাশ পাওয়ার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনের শিমরাইলের বাড়িতে শনিবার অভিযান চালিয়েছিল পুলিশ।

বাড়ি থেকে একটি মাইক্রোবাস জব্দ এবং ১২ জনকে আটক করা হলেও নূর হোসেনকে পাওয়া যায়নি। এই কাউন্সিলর নজরুল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক।

নূর হোসেন ও তার সহযোগীরা গত দুই বছরের ১১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছিলেন, যার তালিকা রোববার সাংবাদিকদের দিয়েছিলেন নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম।

তার তালিকা অনুযায়ী, এই অস্ত্রের মধ্যে সাতটি শটগান, দুটি পিস্তল, একটি রাইফেল ও একটি রিভলবার রয়েছে। ২০১২ সালে রাইফেল ও একটি শটগানের লাইসেন্স দেয়া হয়। বাকি সব অস্ত্রের লাইসেন্স দেয়া হয় ২০১৩ সালে।

Image
শিমরাইলে নূর হোসেনের বাড়ি

শিমরাইলে নূর হোসেনের বাড়ি

নজরুলের পরিবার এসব লাইসেন্স বাতিলের দাবি তোলার পর সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন রোববার সাংবাদিকদের বলেছিলেন, “আমরা অস্ত্রগুলোর লাইসেন্স বাতিলের প্রতিবেদন পাঠিয়েছি। প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ের কার্যালয় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে।”

নিয়ম অনুযায়ী, শটগানের লাইসেন্স দেন জেলা প্রশাসক। পিস্তল ও রিভলবারের লাইসেন্স জেলা প্রশাসকের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়।

সবগুলো অস্ত্রের লাইসেন্স নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের হাত দিয়ে হয়েছে। নজরুল অপহরণের পর তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে আনা হয়।

নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও শ্বশুর শহীদুলের দাবি, এসব অস্ত্রের মালিকদের গ্রেপ্তার করলেই হত্যার রহস্য উন্মোচিত হবে।

নূর হোসেন ছাড়াও এই অস্ত্রের লাইসেন্সধারীদের মধ্যে রয়েছে তার ভাই নূরউদ্দিন মিয়া, তার ভাতিজা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, তার সহযোগী  মো. শাহজাহান, আলী মোহাম্মদ, সানাউল্লাহ ও জামালউদ্দিন।

আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি নূর হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. আরিফুল হক হাসানের নামেও দুটি অস্ত্রের লাইসেন্স রয়েছে।

পুরনো খবর:

নূর হোসেনকে আটকাতে সীমান্তে সতর্কতা
র‌্যাবকে দায়ী করলেন নজরুলের শ্বশুর
নূরের বাড়ি থেকে ১২ জন আটক, গাড়ি জব্দ