নরসিংদীর এসপিকে নারায়ণগঞ্জে বদলি
নরসিংদীর জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট খন্দকার মুহিদ উদ্দিনকে নারায়ণগঞ্জের দায়িত্ব দেয়া হয়েছে।
দু’সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জে আটজন অপহৃত হওয়ার ঘটনায় গত মঙ্গলবার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান জানান, বুধবার বদলির এই আদেশে স্বরাষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আশফাকুল নোমান স্বাক্ষর করেন।
তিনি বলেন, এছাড়াও শরীয়তপুরের পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে নরসিংদীর এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে শরীয়তপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
“এই বদলি আদেশ স্ব-স্ব জেলায় পাঠানো হয়েছে এবং বৃহস্পতিবার বিকালে সবাই নতুন কর্মস্থলে যোগদান করেছে।”
গত রোববার দুপুরে ফতুল্লা থানা এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্যানেল মেয়র ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ও তার চার সহযোগীকে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
বুধবার শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের লাশ এবং বৃহস্পতিবার নিখোঁজ অপরজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার পথে লিংক রোড থেকে অপহৃত হন। এর ৩৫ ঘণ্টা পরে বৃহস্পতিবার গভীর রাতে তাকে মিরপুরে রেখেন যায় অপহরণকারীরা।
এসব ঘটনায় নারায়ণগঞ্জের এসপি নুরুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়।
