২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃতদের সন্ধানে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ অপহৃত পাঁচজনের সন্ধান দাবিতে মহাসড়ক অবরোধ করেছে তার সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 02:35 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, মঙ্গলবার সকাল পৌঁনে ১১টা থেকে দেড়ঘণ্টা তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে সন্দেহভাজন কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেন এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে গ্রেপ্তারের দাবিও জানায়।

এসময় তারা সড়কে টায়ার, গাছের গুঁড়িতে অগ্নিসংযোগ করে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

অপহৃত নজরুলসহ অন্যদের খুঁজে বের করার আশ্বাস দিলে পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়।

অন্যদিকে জেলার সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিমের সন্ধান দাবিতে সকাল থেকে জেলা বারের আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ করেছে। এক পর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিবাদ সমাবেশ করে এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি  সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আইনজীবীদের সমাবেশে বক্তব্য রাখেন তৈমুর আলম খন্দকার, আমিনুল হক, আওলাদ হোসেন, জাকির হোসেন, আনিসুর রহমান দীপু, খোকন সাহা প্রমুখ।

গত রোববার বেলা পৌঁনে ২টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলামকে চার সহযোগী ও প্রাইভেটকারসহ র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবার।

প্রায় একই সময়ে নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিমও নিখোঁজ হন।