২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে হাই কোর্টে তলব

আদালতের নির্দেশ অনুসারে দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনের অনুলিপি না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেনকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 08:05 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

পাশাপাশি তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

বুধবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চ এ আদেশ দেয়।

ডিসি মোশারফ হোসনকে আগামী ২১ মে সশরীরে আদালতে হাজির থাকতে হবে এবং তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন শুনানিতে অংশ নেয়া  ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন মো. বাকির উদ্দিন ভূঁইয়া।

আইনজীবী রোনা নাহরিন বলেন, “আদালত একটি নথি চেয়েছিল। সেই নথি যথাযথ সময়ে না দেয়ায় আদালত ওই নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. মোশারফ হোসেনকে তলব করেছে।”

আবেদনকারীর আইনজীবী বাকির উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী নায়ার কবিরের এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত।

“জাতীয় পার্টি মননোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জিয়াউল হক মৃধা গত ১৩ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে তার মননোয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। কিন্তু এরপরও তাকে নির্বাচনে রেখে দেয়া হয়। শেষ পর্যন্ত তিনি ওই নির্বাচনে বিজয়ী হন।”

মনোনয়ন প্রত্যাহারের আবেদনের পরও জিয়াউল মৃধাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ায় গত ১৩ জানুয়ারি নায়ার কবির আদালতে মামলা করেন।

ওই আবেদনের শুনানি করে গত ৩০ জানুয়ারি মৃধার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনের অনুলিপি তলব করে আদালত।

আদালতের এ আদেশ প্রতিপালন না করায় রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এই অভিযোগের শুনানি করে ডিসিকে তলবের আদেশ দেয় আদালত।