২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় তেলের ট্যাংকারে আগুন, দগ্ধ ২

মংলা সমুদ্রবন্দরে একটি তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডে দুই নাবিক দগ্ধ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ইঞ্জিনরুম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 07:17 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

তবে, ওই ট্যাংকারে তখন তেল না থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার ভোরে অগ্নিকাণ্ডের সময় এম ভি জাকাহ নামের ট্যাঙ্কারটি মংলা বন্দরের পশুর নদীর চ্যানেলে অবস্থান করছিল বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

দগ্ধ দুজন হলেন ট্যাংকারের গ্রিজার মোসলেম (৪০) ও নাবিক সুজন (৩৫)। তাদের প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অপারেশন) আলতাফ হোসেন জানান, ভোররাত ৪টার দিকে পশুর চ্যানেলে অবস্থানরত তেলবাহী একটি ট্যাংকার এম ভি জাকাহ্-এ আগুন লাগার খবর আসে।

বন্দর কর্তৃপক্ষের অগ্নি নির্বাপক জাহাজ ‘এমভি অগ্নি প্রহরী’ ও নৌবাহিনীর উদ্ধার জাহাজ প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।

ট্যাঙ্কারটিতে তেল না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

ট্যাঙ্কারটির পরিবহন ঠিকাদার হেকমত ক্যারিয়ারের ব্যবস্থাপক জয়নাল আবেদীন জানান, এম ভি জাকাহ জ্বালানি তেল বোঝাই করতে শুক্রবার বিকালে খুলনার দৌলতপুর থেকে মংলার সামিট রিফাইনারিতে এসেছিল। শনিবার তেল বোঝাই হওয়ার কথা ছিল।

ইঞ্জিন রুমের জেনারেটরের ব্যাটারির শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে। এতে ট্যাঙ্কারের দুই নাবিক দগ্ধ হন এবং ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়।

মংলা দমকল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন বলেন, “বন্দরে ট্যাংকারে আগুন লাগার খবর পেয়ে আমরা পৌঁছানোর আগেই নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের জাহাজ আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সবাই মিলে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে ট্যাঙ্কারের ইঞ্জিনরুমসহ পেছনের অংশের ক্ষতি হয়েছে।”