২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সেতুর দাবিতে মানববন্ধন করবে বোয়ালখালীবাসী

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে কালুরঘাট-বোয়ালখালী সংযোগ সড়কে নতুন একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছে এলাকাবাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 12:08 AM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার বিকালে নগরীর ডিসি হিলে ‘বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত এক মতবিনিময় সভা থেকে আগামী ১০ মে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের ঘোষণা দেয়া হয়।

মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সভায় জানানো হয়।

বিশিষ্ট ব্যাংকার আবদুল মোমিনের সভাপতিত্বে সভায় বোয়ালখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আবদুল মোমিন বলেন, “প্রায় দেড়শ বছর আগে ইংরেজ শাসন আমলে কর্ণফুলী নদীর এ অংশে একটি রেল সেতু নির্মিত হয়। মেয়াদোত্তীর্ণ সেই রেল সেতুই কয়েক বছর পর পর মেরামত করা হয়। এ সেতুই সড়ক সেতু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।”

সভায় উপস্থিত সাংবাদিক মোস্তফা নঈম বলেন, “একটি মাত্র সেতুর অভাবে বোয়ালখালীর ৩০ লাখের বেশি মানুষ মানবেতর জীবন যাপন করছে।

“কর্মজীবীরা পরিবার পরিজন নিয়ে নগরীতে বসবাস করছে। অথচ একটি কংক্রিট সেতু হলে নগরী থেকে আধা ঘণ্টারও কম সময়ে বোয়ালখালী পৌঁছানো যায়।”

কালুরঘাট রেল সেতুটি পুরনো হওয়ায় এর ওপর দিয়ে সবসময় একমুখী যান চলাচল করে। এতে সেতুর দুইপাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

প্রতি চার-পাঁচ বছর পর পর সেতুটি মেরামতের জন্য বন্ধ রাখা হলে তখন বোয়ালখালীবাসীকে নৌকা ও ফেরিতে যাতায়াত করতে হয়।

সভায় উপস্থিত সাংবাদিক রমেন দাশগুপ্ত বলেন, রেল সেতুর পাশেই একটি পিলার সেতু হলে বোয়ালাখালী, পটিয়ার পূর্বাঞ্চল, রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটির সঙ্গে যোগাযোগ সহজ হবে।

সভায় বক্তারা বলেন, সেতু হলে বোয়ালখালীতে দ্রুততম সময়ের মধ্যে শিল্প নগরী ও উপশহর গড়ে উঠবে। এতে কর্মসংস্থানও বাড়বে।

সভায় অন্যদের মধ্যে স্যার আশুতোষ কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যকরী সভাপতি আবদুল মান্নান, সিডিএর সহকারী সচিব সিরাজুল হক বাদলা, আলমগীর মোরশেদ, রণজিৎ চৌদুরী বাচ্চু, অ্যাডভোকেট গাজী এম ইকবাল, উজ্জ্বল সরকার, এহসানুল হক খসরু, মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দিন রবি, কলেজ শিক্ষক এস এম শাহনেওয়াজ, ব্যবসায়ী রণজিৎ ঘোষ প্রমুখ বক্তব্য দেন।