ঝিনাইদহে ভাগ্নেদের সঙ্গে বিরোধে মামা খুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধে একজন খুন হয়েছেন।
শৈলকুপা থানার এসআই আতিয়ার রহমান জানান, রোববার গভীর রাতে উপজেলার চতুরিয়া গ্রামে একই পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষে আরো অন্তত ১২ জন আহত হয়েছেন।
নিহত আইয়ুব আলি (৫০) ওই এলাকার মাহাতাব মণ্ডলের ছেলে।
আহতদের মধ্যে পাঁচ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে জমিজমা নিয়ে ভাগ্নেদের সঙ্গে আইয়ুব আলির বিরোধ বাধে। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আইয়ুব গুরুতর আহত হন।
তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তিনি মারা যান।
