২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণকর্মীদের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে

ঢাকায় গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মিছিল-সমাবেশ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 08:22 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার বিকালে নগরীর চেরাগীর পাহাড় মোড়ে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ আয়োজিত সমাবেশ থেকে বক্তারা পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সময়ের প্রয়োজনেই রাজাকারদের ফাঁসির দাবিতে তরুণদের এই উদ্যোগ গড়ে উঠেছিল। এখনো নিজেদের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে গণজাগরণ মঞ্চ।

তারা অভিযোগ করেন, একটি মহল সচেতনভাবেই ঐক্য নষ্ট ও বিভ্রান্ত তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে কঠোর শাস্তিও দাবি করেন।

তারা বলেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ থেকে গড়ে ওঠা তারুণ্যের এই আন্দোলন থামবে না।

সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্য সচিব চন্দন দাশ, সমন্বয়কারী শরিফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুনীল ধর প্রমুখ।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।