২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির আইনজীবীদের অনশন

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে এক ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বিএনপির আইনজীবী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 04:43 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ-পূর্ব পাশে আদালতের দুপুরের বিরতিতে এই কর্মসূচি পালন করা হয়।

গত ১৯ মার্চ ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতির এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের বিচার শুরুর আদেশ হয়।

খালেদা-তারেকের বিরুদ্ধে করা এসব মামলা মিথ্যা বলে দাবি করেন অনশনকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহাবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল প্রমুখ।

ফোরামের সভাপতি রফিকুলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্যে মওদুদ বলেন, স্বাধীনতার পর সামরিক সরকারসহ যত সরকারই ক্ষমতায় ছিল না কেন, বিচারের শেষ আশ্রয়স্থল হিসেবে জনগণ সুপ্রিম কোর্টে সঠিক বিচার পেয়েছে।

“কিন্তু বর্তমান সময়ে আমাদের বিচার বিভাগ সম্পর্কে মানুষের মনে ভীষণ রকমের প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছ।”

মওদুদ এর বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যেন আমাদের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে পারি, আসুন আমরা সেই শপথ গ্রহণ করি।”