২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ এপ্রিল সচিবদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

আগামী ৭ এপ্রিল মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 08:48 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার সচিব সভা শেষে সন্ধ্যায় অনির্ধারিত এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের একথা বলেন।

এই সরকারের সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সচিব সভায় কোনো বিশেষ দিক-নির্দেশনা থাকছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “নতুন সরকার আগের সরকারের ধারাবাহিকতা রক্ষা করছে, সাধারণত নতুন সরকার আসার পর যে টেনশনগুলো থাকে তা আমাদের নেই।

“মূলত যেসব কাজ গত মেয়াদে শেষ হয়নি তা শেষ করা এবং নতুন নতুন ইস্যুগুলো প্রধামন্ত্রীর সাথে সচিব সভার আলোচনায় আসবে।”

সাধারণত প্রধানমন্ত্রী উপস্থিত না থাকলে সচিব সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সাথে সচিব সভায় প্রথমে মন্ত্রিপরিষদ সচিব মোটা দাগে কিছু চ্যালেঞ্জ ও অর্জনের বিষয়ে স্বাগত বক্তব্য দেন।

“প্রধানমন্ত্রী বক্তব্য দেয়ার পর সচিবরা বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন, সাধারণত সচিব সভায় সচিবদের কোন দাবি-দাওয়া থাকে না।”

প্রধানমন্ত্রীর সঙ্গে সচিব সভায় প্রায় ৫০ শতাংশ সচিব বক্তব্য দিয়ে থাকেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সোমবারের সচিব সভার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সরকারের কার্যক্রম কীভাবে আরো গতিশীল ও সমন্বয় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

“মন্ত্রণালয়ভিত্তিক মাসিক ও বার্ষিক প্রতিবেদন সমৃদ্ধ করা, সরকারের প্রতিশ্রতি বাস্তবায়নে অ্যাকশন প্ল্যান তৈরিতে আরো গুরুত্ব দেয়া, মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইট আপডেট ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।”

সোমবারের সচিব সভায় ৬১জন সচিব উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ২৪ জন সচিব বক্তব্য রাখেন।