সড়ক দুর্ঘটনায় কাশিমপুরের কারারক্ষী নিহত
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় কভার্ড ভ্যান চাপায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর এক রক্ষী নিহত হয়েছেন। আহত হন আরেক কারারক্ষী।
শনিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনায় নিহত কারারক্ষী মো. আশরাফ হোসেন (২৫) সাভারের নইহাটি গ্রামের আব্দুস সালামের ছেলে।
আহত কারারক্ষী মোক্তার হোসেনকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সুপার জাহাঙ্গীর কবির।
তিনি বলেন, আশরাফ ও মোক্তার মোটরসাইকেলে করে কোনাবাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি কভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আশরাফের মৃত্যু হয়।
গুরুতর আহত মোক্তারকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
