২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলে নাশকতাঃ হতাহতদের মন্ত্রণালয়ের অনুদান

রেলপথে দায়িত্ব পালনকালে এবং বিরোধী দলের আন্দোলনের সময় নাশকতার ঘটনায় হতাহত আনসার-ভিডিপি সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে রেল মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 08:54 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

নিহতদের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ আর আহতদের দুই লাখ টাকা করে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন রেলমন্ত্রী মজিবুল হক।

এসময় মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেয়া হচ্ছে।

নিহত আনসার সদস্য শফিকুল ইসলামের স্ত্রী হেলেনা বেগম এবং আব্দুস সালামের স্ত্রী মাহমুদা বেগম মন্ত্রীর কাছ থেকে চেক নেন।

এছাড়া আহত আজগর আলী, আ. মান্নান, আজাদুর রহমান ও সাইফুর রহমান দুই লাখ টাকার চেক গ্রহণ করেন।

চেক প্রদান অনুষ্ঠানে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিমুদ্দিন, রেলের মহাপরিচালক তাফাজ্জল হোসেন ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ উপস্থিত ছিলেন।