ধর্ষণের অভিযোগ: এএসআইকে হাই কোর্টে তলব
এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠার পর তাকে তলব করেছে হাই কোর্ট।
আইন ও সালিশ কেন্দ্রের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মাহমুদুল হকের অবকাশকালীন বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
ওই পুলিশ কর্মকর্তা হচ্ছেন, পিরোজপুরের নাজিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রহমান।
ধর্ষণ, নির্যাতন এবং এরপর জোর করে বিয়ে দেয়ার বিষয়ে ভূমিকা ব্যাখ্যা করতে তাকে আগামী ৮ এপ্রিল আদালতে হাজির হতে হবে।
পাশাপাশি ওই ঘটনায় জড়িত স্থানীয় মৌলভী মুজাহিদুল ইসলাম জাফর ও বকশী এসএম দাসুস সুন্নাত দাখিল মাদরাসার শিক্ষক অসীম মিস্ত্রিকে আদালতে হাজির নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।
ধর্ষিতকে আদালতে হাজির করতে আবেদনকারীকে বলা হয়েছে। এতে সহায়তা করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
একইসঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহার করে দুই কিশোর-কিশোরীকে নির্যাতন, কিশোরীকে ধর্ষণ, শিশু বিবাহে বাধ্য করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পিরোজপুরের পুলিশ সুপার, নাজিরপুর থানার ওসি, সহকারী উপ-পরিদর্শক আবদুর রহমান, মৌলভী মুজাহিদুল ইসলাম মিয়া ও মাদ্রাসা শিক্ষক অসীম মিস্ত্রিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অবন্তী নুরুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
গত ১২ মার্চের একটি ঘটনা নিয়ে ‘গার্ল গোজ থ্রু হরিফিক অ্যাবিউজ’ শিরোনামে ১৯ মার্চ দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে স্থানীয় এক মসজিদের আরবি শিক্ষক আবদুস সালাম মিয়া ১৩ বছরের এক বালিকাকে যৌন হয়রানি করে। এজন্য তার চাকরি যায়।
ওই ঘটনার প্রতিশোধ নিতে সালামের ছেলে স্থানীয় মাদ্রাসার শিক্ষক মুজাহিদুল ইসলাম মিয়া জাফর জাফর এক ভ্যানচালকের সঙ্গে মেলায় যাওয়ার ‘অপরাধে’ ওই কিশোরীকে পুলিশে তুলে দেয়। এরপর এএসআই রহমান নির্যাতকের ভূমিকায় আসেন বলে প্রতিবেদনে বলা হয়।
এতে বলা হয়, রহমান ওই দুই কিশোর-কিশোরীকে বিবস্ত্র হয়ে যৌন অঙ্গভঙ্গি করতে বাধ্য করেন এবং তা ভিডিও করে ছড়িয়ে দেন। পরে ওই কিশোরীকে ধর্ষণ করেন ওই পুলিশ কর্মকর্তা।
ধর্ষণের পর ওই কিশোর-কিশোরীকে নিবন্ধন ছাড়াই ওই পুলিশ কর্মকর্তা ‘বিয়ে’ দেন বলে প্রতিবেদনে বলা হয়। সেইসঙ্গে বলা হয়, ৩৫০০ টাকা নিয়ে পুলিশ কর্মকর্তা রহমান ওই কিশোরীকে ছেড়ে দেন।
তবে এএসআই রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ডেইলি স্টারকে বলেছেন, অসামাজিক কার্যকলাপ হচ্ছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন।
