মন্ত্রণালয়ের কাজ বোঝেন না চুন্নু
শ্রমিক রাজনীতির সঙ্গে কখনো জড়িত না থাকায় মন্ত্রণালয়ের কাজও বোঝেন না বলে স্বীকার করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার নিজ কার্যালয়ের সভাকক্ষে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “জীবনের শুরুতে সরকারি চাকরি করেছি। পরে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। তবে শ্রম রাজনীতির সঙ্গে আগে কখনো জড়িত ছিলাম না। তাই এ মন্ত্রণালয়ের কাজও তেমন বুঝি না আমি।”
কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত এ সাংসদ বলেন, “আমার সোজা কথা। আমি কাজ করতে কিছু কাজ চাই।
“পোশাক শ্রমিক কোথায় কাজ করেন। কোথায় বসে তারা (শ্রমিকরা) খাওয়া-দাওয়া করেন, তা আমি স্বচক্ষে দেখতে চাই।”
বৈঠকে জাতীয় গার্মেন্ট ফেডারেশনের সভাপতি আমিরুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি আবুল কাসেম চৌধুরী, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাফিউদ্দিন আহমেদসহ নেতারা শ্রমিকদের নানা সমস্যা তুলে ধরেন প্রতিমন্ত্রীর কাছে।
