রাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীকে ছুরিকাঘাত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের আন্দোলনে সক্রিয় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
আহত সাজু সরদার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র। ক্যাম্পাসের নাট্য সংগঠন ‘সমকাল’ এর সদস্য তিনি। বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের দায়ের করা চারটি মামলায়ই তাকে আসামি করা হয়।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকায় সাজুর উপর এ হামলা হয় বলে তার বন্ধু মোশারফ হোসেন সজীব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সন্ধ্যায় আমাদের নাট্য অনুশীলন চলছিল। রাকসু ভবনে নাটকের অনুশীলন শেষে মাদার বখস হলের দিকে ফিরছিল সাজু। স্টেডিয়ামের পূর্ব দিকে পৌঁছলে মুখে কালো কাপড় জড়ানো কয়েক যুবক তাকে ঘিরে ফেলে। ‘তুই সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলন করিস’- এই কথা বলে তার বুকে ছুরি বসিয়ে দেয়।”
এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাজুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনেন। রাত সাড়ে ১০ টার দিকে তার অস্ত্রোপচার চলছিল।
এর আগে ক্যাম্পাস খুলে দেয়ার আগের দিন গত ৯ মার্চ সাতক্ষীরার পাথরঘাটা থানায় সাজুদের গ্রামের বাড়িতে যায় পুলিশ। এ সময় তার বাবা-মাকে হয়রানি এবং সাজুকে ক্যাম্পাসে ফিরতে নিষেধ করা হয় বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্মপাদক শাহনেওয়াজ শুভ বলেন, সাজুর বুক ও হাত থেকে রক্তক্ষরণ হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীরাই এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের প্রচার সম্পাদক শাহিনুর শাকিল বলেন, “সাজুর ওপর হামলা ঘটনা দুঃখজনক। এই ঘটনার সাথে ছাত্রলীগ জড়িত নয়।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন বলেন, “আমি বিষয়টি শুনেছি। ছিনতাইকারীরা তার ওপর হামলা চালাতে পারে।
সাজুর কোনো কিছু ছিনতাই হয়নি জানালে তিনি বলেন, “তাহলে আমি কিছু বলতে পারছি না।”
মতিহার থানার ওসি রেজাউল ইসলাম বলেন, “পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত না করে হামলাকারীদের সম্পর্কে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।”
