সন্ত্রাসীদের তালিকা হালনাগাদের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজ দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয় পরিদর্শনে গিয়ে সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের তালিকাটি ‘আপডেট’ করতে বলেছেন। পাশাপাশি চাঞ্চল্যকর মামলাগুলির দ্রুত নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন তিনি।”
বেলা সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হওয়া এই বৈঠকে অধীনস্ত নয় বিভাগের প্রধানরা ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান বলেন, “বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে দেখা গেছে ভুলবশত মুক্তিযোদ্ধাদের নামও সন্ত্রাসীদের তালিকায় ঢুকে গেছে। এধরনের ভুল যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে’।”
এছাড়া মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা সাক্ষীর অভাবে দ্রুত আদালত থেকে বের হয়ে যায় বলে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, সব বাহিনীর সঙ্গে সমন্বয় করেই সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হবে।
সোয়া ১২টা পর্যন্ত চলা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নির্ধারিত অফিস কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে প্রায় দুঘণ্টা সময় কাটান তিনি।
