জজ আদালতেও জামিন পাননি তাজরীনের মালিক
নিম্ন আদালতের পর জজ আদালতও নাকচ করে দিয়েছে তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের জামিনের আবেদন।
বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মজিদ শুনানি শেষে আসামিরপক্ষের আবেদন নাকচ করে দেন।
পাশাপাশি দেলোয়ারের স্ত্রী তাজরীনের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিলে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আদেশের জন্য ২০ মার্চ দিন রাখা হয়েছে।
ফাইল ছবি
বৃহস্পতিবার শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন প্রধান পাবলিক প্রসিকিউটর খন্দকার আবদুল মান্নান। আসামিপক্ষে ছিলেন কাজী নজিবুল্লাহ হিরু, এটিএম গোলাম দাউদ ও আবু বকর ফরহাদ।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।
গত বছরের ২২ ডিসেম্বর দেলোয়ার ও মাহমুদাসহ ১৩ জনকে আসামি করে এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
এ বছরের ৯ ফেব্রুয়ারি দেলোয়ার ও মাহমুদা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
তবে আবেদন খারিজ করে দিয়ে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে হাজিরা দেয়ার শর্তে পরদিন মাহমুদা আক্তারকে এক মাসের অন্তবর্তীকালীন জামিন দেন মুখ্য বিচারিক হাকিম মো ইসমাইল হোসেন।
ওই দিনও দেলোয়ারের জামিন আবেদন নাকচ হয়েছিল।
পরে মাহমুদার জামিন বাতিল চেয়ে দায়রা জজ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
