বিএনপি নেতা এ্যানিকে দুদকের জিজ্ঞাসাবাদ
অবৈধ সম্পদ নিয়ে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে জিজ্ঞাসাবাদ করেছেন দুর্নীতি দমন কমিশনের(দুদক) কর্মকর্তারা।
নির্ধারিত দিনের এক দিন আগেই বুধবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে উপস্থিত হন এ্যানি। প্রায় দুই ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে বেলা ১২টায় বেরিয়ে যান তিনি।
দুদকের জনসংযোগ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
দুদকের এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ ফেব্রুয়ারি এক চিঠিতে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরি এ্যানিকে বৃহস্পতিবার দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়।
এ্যানির আবেদনের প্রেক্ষিতে একদিন আগেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সম্প্রতি মহাজোট সরকারের সাত মন্ত্রী-সাংসদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। পাশাপাশি গত ২ ফেব্রুয়ারির কমিশনের বৈঠকে সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।
দুদকের উপপরিচালক খলিলুর রহমানকে এ্যানির সম্পদ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়।
