বাংলাদেশের ওপর নজর আছে: ক্রাউলি
বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্রের নজর অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা কো-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি।
পাশাপাশি সব রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থার ভিত্তিতে গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত থাকবে বলেও তার আশা।
সেন্ট প্যাট্রিক ডে উপলক্ষে এই কংগ্রেসম্যান তার নির্বাচনী এলাকা কুইন্সের একটি রেস্তোরাঁয় রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করেন।
সেখানে মত বিনিময়কালে ক্রাউলি জানান, তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা সাদরে গ্রহণ করবেন।
অনুষ্ঠানে ডেমক্র্যাটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির প্রভাবশালী সদস্য, বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়ী খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ও ডেমক্র্যাটিক পার্টির সংগঠক জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক ইয়েলো ট্যাক্সি ড্রাইভারদের সংগঠক ওসমান চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ক্রাউলি বলেন, “শর্ত পূরণ হলেই সেটি সম্ভব।”
যোসেফ ক্রাউলির সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
