২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে নির্যাতন: পুলিশের বিরুদ্ধে ‘মামলা নিচ্ছে না’ থানা

দিনাজপুরে যৌতুকের দাবিতে এক পুলিশ কনস্টেবল স্বামীর হাতে লাগাতার নির্যাতনের শিকার হয়েও মামলা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন স্ত্রী।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 01:18 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

অভিযোগ উঠেছে, পুলিশ সদস্য হওয়ায় মামলা নিতে টালবাহানা করছে থানা কর্তৃপক্ষ।

গুরুতর আহত ওই গৃহবধূ বর্তমানে দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নির্যাতনের শিকার আয়শা সিদ্দিকা (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোতোয়ালি থানায় কর্মরত তার স্বামী কনস্টেবল আবুল বাশার প্রামাণিক যৌতুকের টাকার জন্য প্রায়ই তাকে মারধর করেন।

“আমার স্বামী ফেনসিডিল ও গাঁজা সেবন ছাড়াও নানা ধরনের অসামাজিক কাজ করেন। এসবের প্রতিবাদ করলেই অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর করেন।”

গতবছরও স্বামীর নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এক পর্যায়ে টাকা না দিলে তার নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়া হয়। বিষয়টি তৎকালীন পুলিশ সুপারকে জানালে তিনি বাশারকে তিরষ্কার করে ছেড়ে দেন। কিন্তু তারপরও নির্যাতন বন্ধ হয়নি।

আয়শা সিদ্দিকা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে আবুল বাশার বেল্ট দিয়ে তাকে বেদম মারধর এবং এক পর্যায়ে কাঠের টুল ছুড়ে মারেন। এতে তার হাতে গভীর ক্ষত হয়।

ওই রাতেই স্বজনরা তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আয়শার বড় ভাই আবু হিয়া অভিযোগ করেন, ঘটনার পর থানায় মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি। বাশারকে রক্ষা করতে তাকে ৬ মার্চ থেকে ৭ দিনের ছুটি দিয়ে কর্মস্থল থেকে সরিয়ে দেয়া হয়েছে।

অবশ্য মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, “অভিযোগ যথাযথভাবে লেখা না হওয়ায় সঠিকভাবে লিখে আনার পরামর্শ দেয়া হয়েছে।”

কনস্টেবল বাশারকে ছুটি দেয়ার বিষয়টি স্বীকার করে তিনি জানান, বাশার অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ছুটি নিয়েছেন।