২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াত আমিরসহ ১১ জন কারাগারে

পুলিশের মামলায় বরিশাল মহানগর জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যানসহ ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 06:55 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. রফিকুল ইসলাম আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিদের মধ্যে রয়েছেন মহানগর জামায়াতের আমির মোয়াজ্জেম হোসাইন হেলাল, বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান ও তার ছোট ভাই মাধবপাশা ইউপি চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম খান।

মোয়াজ্জেম হোসাইনের আইনজীবী জাকির হোসেন জানান, গত বছরের ৫ ডিসেম্বর নগরীর পোর্ট এলাকায় ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মোয়াজ্জেম হোসাইনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করে পুলিশ।

হেলাল এ মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন।

আদালতে দায়িত্বরত পুলিশের এএসআই মো. সিদ্দিক জানান, মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন মাধবপাশা ব্রিজ সংলগ্ন রাস্তা কেটে জনগণ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

এ ঘটনার দিন ৭ জানুয়ারি বিমানবন্দর থানায় একটি মামলা করে পুলিশ।

মামলায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সুলতান আহম্মেদ খান ও তার ছোট ভাই মাধবপাশা ইউপি চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম খানসহ ১০ জনকে আসামি করা হয়।

ওই মামলার সব আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।