ফরিদপুরে বিয়ে বাড়িতে ডাকাতি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মঙ্গলবার রাতে এক বিয়ে বাড়িতে ডাকাতি হয়েছে।
দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে ডা. রঞ্জিত বিশ্বাসের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার পর উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দাদপুরের ইউপি চেয়ারয়ারম্যান মো. শামিম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদিন আগে ডা. রঞ্জিত বিশ্বাসের ছোটভাই রতন কুমার বিশ্বাসের বিয়ে হয়েছে। বুধবার ছিল বৌভাতের অনুষ্ঠান।
তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে বাবুর্চি ও অন্যরা কাজ করছিল। তখন প্রথমে ৩/৪ জন লোক পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢোকে। পরে আরো ১৭/১৮ জন (যাদের কয়েকজনের মুখোশ পরা ছিল) বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ এক লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার, ২০টি মোবাইল ফোন সেট ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
এ সময় ডাকাতরা ফাঁকা গুলি করে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।
বোয়ালমারী থানার ওসি মো. রুহুল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
