নন্দীগ্রামের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানে বিরুদ্ধে তিনটি মামলার অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার নন্দীগ্রাম থানার ওসি শাহজাহান আলী জানান, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডলসহ ৩৭৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে।
যুদ্ধাপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজব ছড়িয়ে জামায়াত-শিবির গত বছরের ৩ মার্চ নন্দীগ্রাম উপজেলায় সহিংসতা চালায়।
এ সময় তারা উপজেলা পরিষদসহ ১৯টি সরকারি অফিসে অগ্নিসংযোগ করে এবং বাড়িঘর জ্বালিয়ে দেয়। এ ঘটনায় চারটি মামলা হয়।
ওসি বলেন, এর আগে একটি মামলার অভিযোগপত্র দেয়া হয়েছিল। শনিবার বাকি তিনটির অভিযোগপত্র পুলিশ সুপারের কার্যালয়ে জমা দেয়া হয়।
পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় নুরুল ইসলামসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত হয়েছে।
