২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যান চলাচলে শৃঙ্খলা আনতে উদ্যোগ

চট্টগ্রাম নগরীর সড়কের মোড়গুলোতে যত্র তত্র গণপরিবহন থামা বন্ধে উদ্যোগ নিচ্ছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 10:11 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শনিবার থেকে প্রাথমিকভাবে নগরীর গুরুত্বপূর্ণ তিনটি মোড়কে ঘিরে এই উদ্যোগ শুরু হলেও পরে তা নগরজুড়ে ছড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি নিয়ে বুধবার বাস মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে, যাতে বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তারাও অংশ নেন।

উপ-কমিশনার ফারুক বলেন, “নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজটমুক্ত করতে এসব ব্যবস্থা হাতে নেয়া হয়েছে।”

তিনি জানান, এছাড়া সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে আগামী ১০ মার্চের মধ্যে সব গণপরিবহন মালিকদের গাড়ির সামনে ও পেছনে রুট নম্বর লেখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা ফারুক বলেন, “প্রাথমিকভাবে আমরা মুরাদপুর, ষোলশহর ও জিইসি মোড়কে নির্ধারণ করেছি।

“শনিবার থেকে আগামী ১৫ দিন ধরে মুরাদপুর মোড়ে নির্দিষ্ট স্থানের বাইরে গণপরিবহনগুলোকে যাত্রী উঠানামা করতে দেয়া হবে না।”

পর্যায়ক্রমে তা ষোলশহর, জিইসি এবং পরবর্তীতে পুরো নগরজুড়ে করা হবে বলে জানান তিনি।

ফারুক আরো বলেন, “ইদানিং কিছু যানবাহন রুট অমান্য করে অন্য রুটে চলাচল করতে দেখা যাচ্ছে। সেজন্য আগামী ১০ মার্চের মধ্যে গাড়ির সামনে পেছনে নম্বর লেখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।”

এ ব্যবস্থা চালু করতে লোকবল বাড়ানো হযেছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, “শনিবার থেকে মুরাদপুর মোড়ে একজন ট্রাফিক সার্জেন্টের পরিবর্তে দুইজন করে ট্রাফিক সার্জেন্ট নিয়োগ করা হবে।”

ট্রাফিক বিভাগের হিসাবে, চট্টগ্রাম নগরীর ১৮টি রুটে তিন হাজার ৩২১টি বাস, মিনিবাস ও হিউম্যান হলার চলাচলের অনুমোদন আছে।

এর মধ্যে নয়টি রুটে ৯৪৬টি বাস ও মিনিবাস, ১৪টি রুটের জন্য ৬৮৫টি হিউম্যান হলার এবং ১৮ টি রুটে এক হাজার ৬৯০টি টেম্পু চলাচলের জন্য অনুমোদন আছে।

এদিকে পতেঙ্গা থেকে বহদ্দারহাট বাস টার্মিনাল পর্যন্ত ১০ নম্বর রুটে ইপিজেডের শ্রমিক পরিবহনের জন্য নির্দিষ্ট যানবাহনের বাইরে এই রুটে সর্বাধিক ২০০টি বাস চলাচল করে বলে ট্রাফিক বিভাগ থেকে জানা যায়।