দুর্দিনের বন্ধুকে পেয়ে বুকে নিলেন প্রধানমন্ত্রী
দুঃস্বপ্নের এক রাতে বাবা-মাসহ পরিবারের সবাইকে হারিয়ে নির্বাসিত জীবনে যে কয়জন সুহৃদকে পেয়েছিলেন দীর্ঘদিন পর তাদেরই একজনকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে সার্ক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ’৭৫ পরবর্তী দিল্লির নির্বাসিত জীবনের প্রতিবেশী সাহিত্যিক অজিত কাউরের সঙ্গে দেখা হয় শেখ হাসিনার।
ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচারের সভাপতি অজিত কাউর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। আর প্রধানমন্ত্রী ছিলেন প্রধান অতিথি।
নির্বাসিত সময়ের পুরনো প্রতিবেশিকে পেয়ে স্মৃতিতে হারিয়ে যান শেখ হাসিনা। শুরুতে মঞ্চে একজনের পরে থাকলেও এক সময় তাকে নিজের পাশের চেয়ারে বসান।
অনুষ্ঠান চলাকালেই চলতে থাকে তাদের একান্ত কথোপকথন। দুজনের বক্তব্যেই উঠে আসে সেই সময়ের স্মৃতি-দুবার আলিঙ্গনাবদ্ধ হন তারা। ভারত থেকে নিয়ে আসা শাল প্রধানমন্ত্রীর গায়ে জড়িয়ে দেন এই লেখিকা।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এরপর তাদের দেশে ফিরতে বাধা দেয় তৎকালীন সরকার। তখন প্রায় পুরো সময়ই শেখ হাসিনা ভারতের রাজধানী নয়া দিল্লিতে নির্বাসিত জীবন কাটান।
১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। হাল ধরেন স্বাধীনতার নেতৃত্ব দেয়া দল বাংলাদেশ আওয়ামী লীগের। গণআন্দোলনে সামরিক শাসনের অবসানের পর গত প্রায় আড়াই দশকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।
সার্ক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে যাওয়ার আগে শেখ হাসিনাকে আলিঙ্গন করেন অজিত কাউর। দীর্ঘ সময় তারা একে অন্যকে ধরে রাখেন। এরপর পুরনো দিনের প্রতিবেশি শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসা একটি শাল পরিয়ে দেন তিনি।
‘জয় বাংলা’ বলে বক্তব্য শুরু করেন অজিত কাউর।
শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং ১৯৭৫-এ বাবার মৃত্যুর পর শেখ হাসিনাকে যখন দেশে ফিরতে দেয়া হয়নি তখন তার ভারতে থাকার স্মৃতিচারণ করেন তিনি।
ফাউন্ডেশন অফ সার্ক রাইটারস অ্যান্ড লিটারেচারের সভাপতি বলেন, “আমরা আশা করি, এক সময় সীমান্ত বলে কিছু থাকবে না। সার্ক দেশগুলোর নাগরিকরা এক পরিবারের সদস্য হিসাবে এই অঞ্চলে থাকবে।”
অজিত কাউরের বক্তব্য শেষে তাকে নিজের পাশের চেয়ারে বসান শেখ হাসিনা। অনুষ্ঠান চলাকালে প্রায় পুরো সময়ই তারা নিজেদের মধ্যে কথা বলেন। পাশাপাশি বসে শেখ হাসিনার হাত ধরে থাকেন তিনি।
প্রধানমন্ত্রীও তার বক্তব্যের শেষাংশে এই প্রসঙ্গে কথা বলেন।
“অজিত কাউর, তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমরা একটু মনে হয় বেশিই কথা বলছিলাম। আপনারা হয়তো দেখেছেন।... দিল্লিতে যখন আমি ছিলাম, আমরা একসাথে পড়শি হিসাবেই ছিলাম,” বলেন তিনি।
দুঃসময়ের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, “পঁচাত্তরের ১৫ অগাস্ট যখন আমার মা-বাবা, ভাই সবাইকে হত্যা করা হয় তখন কিন্তু আমি দেশে আসতে পারিনি। তখনকার যে সরকার ছিল- একজন মিলিটারি ডিকটেটর। তিনি কিন্তু আমাকে দেশে আসতে দেয়নি। তখন বাধ্য হয়ে আমাকে এক্সাইলে থাকতে হয়েছিল, পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে। সেই সময় ওই পান্ডেরা রোডে দিল্লিতে আমরা ছিলাম।
“তখন থেকেই আমাদের পরিচয়। তখন ওনাদের অনেক স্নেহ, ভালোবাসা পেয়েছি। ওই দুঃসময় এক রাতের মধ্যে মা-বাবা, ভাই স্বজন হারিয়ে স্বজনহারা বেদনা নিয়ে যেখানে আশ্রয় নিয়েছিলাম- তখন প্রতিবেশিরা প্রতিনিয়তই আমাদের যথেষ্ট ভালোবাসা দিয়েছেন।”
দুর্দিনের বন্ধুদের স্মরণ করে শেখ হাসিনা বলেন, “সেই স্মৃতিগুলো সবসময় স্মরণে আসে। সেজন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, কবি সৈয়দ শামসুল হক বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন রাইট ফাউন্ডেশনের সভাপতি কথাশিল্পী সেলিনা হোসেন।
শুভেচ্ছা জানান রাইট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুবানা হক।
অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের লেখক-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
