বিএনপি-জামায়াত-আল কায়েদা একই সূত্রে গাঁথা: হাছান
বিএনপি-জামায়াতের দেশব্যাপী সহিংসতায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর মদদ ছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনায় তিনি বলেন, “বিএনপি-জামায়াত ও আল কায়দা প্রধান জাওয়াহিরির বক্তব্য এক ও অভিন্ন। গত এক বছরে যে নৈরাজ্যময় পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে প্রমাণ হয় এতে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী জড়িত।”
সম্প্রতি ইন্টারনেটে আল কায়েদার বর্তমান প্রধান আল-জাওয়াহিরির নাম ও ছবিসহ এক অডিও বার্তা প্রচারিত হয়, যাতে বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।
পুলিশের প্রিজন ভ্যান থেকে তিন জঙ্গিকে ছিনতাই করার প্রসঙ্গ টেনে হাছান মাহমুদ বলেন, “রোববার যে তিন জনকে ছিনতাই করা হলো তাতে প্রমাণিত হয় যে আন্তঃজঙ্গিগোষ্ঠী সক্রিয়।
“নির্বাচনের পরে দেশ স্থিতিশীল ছিল তবে আওয়ামী লীগ যেন পাঁচ বছর পূর্ণ করতে না পারে এ জন্য জঙ্গিগোষ্ঠী ষড়যন্ত্র চালিয়ে আসছে। ইরাক আফগানিস্তান ও পাকিস্তানে যে রকম আল কায়েদা নৈরাজ্য সৃষ্টি করছে তারা এদেশকেও একই নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়।”
উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ফলে বিএনপি সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও এটি ‘জনপ্রিয়তার পরিমাপক’ নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তিনি বলেন, “কয়েকজন চেয়ারম্যান বেশি পাওয়ার পর বিএনপি জামায়াত আস্ফালন শুরু করেছে। চারটি ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেটা হলো এটা ছিল প্রথম ধাপ। এই একটি নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই হয় না।”
নির্বাচন শেষে চূড়ান্ত ফল থেকে ‘প্রকৃত জনপ্রিয়তা বোঝা যাবে’ বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক।
প্রথম ধাপের ৯৭টি উপজেলায় নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা ৫৬টিতে চেয়ারম্যান পদে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা জয়ী হয়েছেন। আওয়ামী লীগ নেতারা পেয়েছেন ৩৩টি চেয়ারম্যানের পদ।
সাবেক মন্ত্রী হাছান বলেন, “অধিকাংশ জায়গায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল। আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী মিলে দেখা যাবে অনেক বেশি ভোট পেয়েছেন এটিও বিবেচনায় রাখেতে হবে।”
