রাবির আহতদের চিকিৎসা সহায়তার ঘোষণা
বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় আহতদের চিকিৎসা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অবাঞ্ছিত ও দুঃখজনক ঘটনায় আহত কোনো শিক্ষার্থীর দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হলে তার সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা দপ্তরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
২ ফেব্রুয়ারি আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়। এরমধ্যে গুলিবিদ্ধ হয় ৩০ শিক্ষার্থী। ঘটনার পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
সেইদিন হামলায় আহত শিক্ষার্থী মোরশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা টাকা-পয়সা চাই না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেই দিন কাছে পেলেই খুশি হতাম।
আজ শিক্ষার্থীরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরছে, আর তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ‘চিকিৎসা সহায়তা’ দেয়ার নামে নয়া কৌশল আঁটছে প্রশাসন।
আরেক শিক্ষার্থী রিতুম আহমেদ বলেন, চিকিৎসা যেভাবে হোক নেয়া হয়েছে, কিন্তু আমাদের উপর আরোপিত মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে।
ওই ঘটনার দিন আটক ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের সাধারণ শিক্ষার্থী সজীব আহমদকে মুক্তি দিতে হবে।
“তাহলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক পথে চলবে বলে আমার মনে হয়,” বলেন তিনি।
ঘটনার একুশ দিন পর চিকিৎসা সহায়তা দেয়া কোনো কৌশল কিনা প্রশ্ন করা হলে ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে আমরা চাই যারা প্রকৃতপক্ষে আহত হয়েছে তাদের চিকিৎসা সহায়তা দিতে। যদিও অনেকে চিকিৎসা নিয়েছে। তারপরও যদি কারও প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা সহায়তা করব।”
শিক্ষার্থীদের নামে দেয়া মামলাগুলো প্রত্যাহার করার বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাবছে বলে তিনি জানান।
