পাবনায় বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচন বয়কট, হরতাল
পাবনার সুজানগর উপজেলায় ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যে নির্বাচন বয়কট করেছেন এক চেয়ারম্যান প্রার্থী।
পাশাপাশি সুজানগরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
অবশ্য চুন্নুর নির্বাচন বয়কট বিষয়ে উপজেলা রির্টার্নিং কর্মকর্তার কোন বক্তব্য বেলা ১১টা পর্যন্ত পাওয়া যায়নি।
বিএনপি সমর্থক প্রার্থী জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনপোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলে তার নির্বাচনী এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।
“জাল ভোট দেয়াসহ বিভিন্ন অনিয়মের কারণে এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। এই সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।”
আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমের লোকেরাই এজেন্টদের বাধা দিয়েছে বলে অভিযোগ করেন চুন্নু।
অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে নিশ্চিত পরাজয় ভেবে তিনি এ সিদ্ধান্ত নিতে পারেন”।
এ বিষয়ে কথা বলতে সুজানগর উপজেলা রির্টার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সঙ্গে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এদিকে জেলা বিএনপি নেতা জহরুল ইসলাম বেলা ১১টার দিকে বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “সুজানগরে কাল হরতাল করবে বিএনপি।”
উপজেলা নির্বাচনের প্রথম দফা ঘোষিত তফসিল অনুযায়ী পাবনা জেলার সাঁথিয়া, আটঘরিয়া ও সুজানগর উপজেলার ১৯৩ টি কেন্দ্রে বুধবার নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
