চট্টগ্রামে ‘সহিংসতাবিরোধী’ মেজবান
সহিংসতার বিরুদ্ধে সাতকানিয়া-লোহাগাড়াবাসীকে ‘উদ্ধুদ্ধ’ করতে লংমার্চের পর এবার মেজবানের আয়োজন করতে যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় পরিষদ।
আগামী ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে মেজবানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সমন্বয় পরিষদের পুর্নমিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি সাতকানিয়া অভিমুখে পরিষদের লংমার্চ ‘সফল’ হওয়ায় এ পুর্নমিলনীর আয়োজন করা হয়েছে।
নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, “সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের সঙ্গে এ দিনটা অন্যভাবে কাটাতে চাই। আর কোনো সহিংসতা যাতে না ঘটে সে ব্যাপারে তাদের সঙ্গে কথা হবে।”
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, “আমরা সহিংসতার লজ্জা থেকে আমরা মুক্তি চাই।”
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় পরিষদের আহ্বায়ক জহিরুল আলম দোভাষ ও সদস্য শফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত ইসলামীর নেতাদের বিরুদ্ধে রায় ঘোষণার পর থেকে সাতকানিয়া- লোহাগাড়া এলাকায় বিভিন্ন সময় সহিংস ঘটনা ঘটে।
জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পর লোহাগাড়ায় জামায়াত-শিবির কর্মীদের হামলায় এক পুলিশ সদস্য নিহত হন।
এরপর বিভিন্ন সময় অবরোধ-হরতালে জামায়াত-শিবির কর্মীরা কয়েকশ’ গাছও কেটে ফেলে।
এরপর গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে-পরে ওই এলাকায় ব্যাপক তাণ্ডব চলে। ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দেয়া হয়।
ভোটের দিন ঢেমশা বড়ুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে আগুন দেয়া হয়। দুর্বৃত্তদের হামলায় তিন নির্বাচনী কর্মকর্তা ও দুই পুলিশ গুরুতর আহত হন।
১৭ জানুয়ারি সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা মুহুরী পাড়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় সাতটি বসতঘর। এসব ঘটনায় জামায়াত-শিবির কর্মীদের দায়ী করেছে পুলিশ।
এসব সহিংসতার প্রতিবাদে ৮ ফেব্রুয়ারি সাতকানিয়া অভিমুখে লংমার্চ করে পরিষদ।
