ফেনী সদরে জামায়াত প্রার্থীকে সমর্থন বিএনপির
উপজেলা পরিষদের দ্বিতীয় দফা নির্বাচনে ফেনী সদরে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার শহর জামায়াতের সেক্রেটারি আ ন ম আবদুর রহিমের সমর্থনে বিএনপির তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার জানান, সদরে ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১৯ দলীয় জোটের প্রার্থীকে (জামায়াত) সমর্থন দিয়ে বিএনপির একক ও বিদ্রোহী সকল প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, মঙ্গলবার ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ মো. সাইদুর রহমান, মো. সাখাওয়াত হোসেন, মো. দেলোয়ার হোসেন মনোনয়নপত্র প্রত্যাহর করে নিয়েছে।
এখন ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে আবদুর রহমান ও সৈয়দ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মো. ফোরকান চৌধুরী, আনম আবদুর রহিম, তরিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুলেখা আক্তার ও খাদিজা আক্তার খানম প্রতিদ্বন্দিতায় আছেন।
ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম দফা এবং ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
