পরীক্ষা দিতে না পারেনি গাজীপুরের ৯ শিক্ষার্থী
প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি গাজীপুরের তিন স্কুলের নয়জন শিক্ষার্থী।
এতে ক্ষুব্ধ এলাকাবাসীর হাতে লাঞ্ছিত হয়েছেন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একটিতে প্রধান শিক্ষককে না পেয়ে বিদ্যালয় ভবনে ভাংচুর চালানো হয়েছে। বিক্ষোভ হয়েছে আরেকটি বিদ্যালয়ের সামনে।
রোববার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, এতে অংশ নিচ্ছে ১৪ লাখের বেশি শিক্ষার্থী।
গাজীপুরের যে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি, সেগুলো হল- গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকার ইউনিক এডুকেয়ার, টঙ্গীর মধুমিতা রোডের মেহের নিগার স্কুল এন্ড কলেজ এবং জামাইবাজার এলাকার ডেফোডিল স্কুল এন্ড কলেজ।
অনুমোদন না থাকায় ইউনিক এডুকেয়ারে একজন এবং মেহের নিগার স্কুলের চারজন শিক্ষার্থীদের নিবন্ধন করা হয়েছিল টঙ্গীর মুন্নু টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ে। ডেফোডিলের চার শিক্ষার্থীর নিবন্ধন করা হয় উত্তরখান কলেজিয়েট স্কুলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিক এডুকেয়ারের ছাত্র মো. ফরহাদ হোসেন সকালে টঙ্গী পাইলট স্কুল কেন্দ্রে পরীক্ষা না দিতে পেরে কান্নাকাটি শুরু করে।
ইউনিক এডুকেয়ারের আট শিক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিলেও ফরহাদের প্রবেশপত্র না পাওয়ায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি।
ফরহাদের মা রওশন আরা বেগমের কাছে ঘটনা শুনে শতাধিক অভিভাবক ইউনিক এডুকেয়ারের প্রধান শিক্ষক আবদুল মালেককে মারধর করেন।
তখন কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গী মডেল থানায় নিয়ে আসে বলে সাংবাদিকদের জানিয়েছেন ওই থানার ওসি মো. ইসমাইল হোসেন।
তিনি বলেন, “পরে উভয় পক্ষ নিজেদের মধ্যে সমঝোতা করতে রাজি হওয়ায় প্রধান শিক্ষককে ছেড়ে দেয়া হয়।”
পরীক্ষা দিতে না পেরে চার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মেহের নিগার স্কুলের মূল ফটকের সামনে বিক্ষোভ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
তবে প্রধান শিক্ষক কিংবা কোনো শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া যায়নি।
মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদের পরীক্ষা না দিতে পারার বিষয়ে তিনি কিছু জানেন না।
স্কুলটির শিক্ষক হাসনাত হোসেন মামুন বলেন, অন্য স্কুলের ফেল করা ২১ জন শিক্ষার্থীর পরীক্ষা দেয়ার ব্যবস্থা করার চেষ্টা হয়েছিল। কিন্তু বোর্ড থেকে সবার অনুমতি পাওয়া যায়নি।
জামাইবাজার এলাকার ডেফোডিল স্কুলের সামনে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী ও অভিভাবকরা ব্যাপক ভাংচুর চালায় বলে স্থানীয়রা জানিয়েছে।
