নির্বাচনী সহিংসতায় নিহত আনসারের পরিবারকে সহায়তা
দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের পার্বতীপুরে বিরোধীদের হামলায় নিহত আনসার সদস্য আব্দুল ওয়াহেদের পরিবারকে দুই লাখ টাকা সহায়তা দিয়েছে পুলিশ।
দিনাজপুর পুলিশ লাইনে মঙ্গলবার দুপুরে পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে এই সহায়তার অর্থ দেয়া হয়।
দিনাজপুর পুলিশ লাইন হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াহেদের স্ত্রী আনোয়ারা বেগমের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন পুলিশ সুপার রুহুল আমিন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সঞ্চয় সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আব্দুল ওয়াহেদের ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন।
গত ৫ জানুয়ারি পার্বতীপুর উপজেলার উত্তর সালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন বিরোধীরা হামলা চালায় এবং সেখানে কর্তব্যরত আনসার সদস্য আব্দুল ওয়াহেদকে পিটিয়ে হত্যা করে।
