চাঁপাইবাবগঞ্জে নারী ইউপি সদস্যের রগকর্তন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যের হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা।
আহত নূরজাহান বেগম (৪৫) মোবারকপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী।
আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় শিবগঞ্জের ধুপপুকুর এলাকায় তার ওপর হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি এস এম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় কানসাট থেকে বাসযোগে মোবরকপুরে নিজ বাড়িতে ফেরার পথে পৌনে ৬টার দিকে ধুপপুকুর এলাকায় নূরজাহানকে বাস থেকে নামিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা।
ওসি এস এম মিজানুর বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাধমিক চিকিৎসা দেয়ার পর তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম জানান, নূরজাহানের ডান হাত ও বাম পায়ের রগ কাটা হয়েছে।
রামেক হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক দীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাত-পায়ের রগ কাটা ছাড়াও নূরজাহানের বাম স্তনেও কোপানো হয়েছে।
আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাত ১০টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে দীন মোহাম্মদ।
নূরজাহানের ওপর হামলাকারীদের পুলিশ সনাক্ত করতে না পারলেও আওয়ামী লীগের পক্ষ থেকে জামায়াত-বিএনপির কর্মীদের দায়ী করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খুররম বলেন, জামায়াত-বিএনপির কর্মীরা নূরজাহানের হাত-পায়ের রগ কেটে দিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি শাজাহান মিয়া বলেন, তাদের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
