ঝিনাইদহে ইজিবাইক চালক খুন
ঝিনাইদহ সদর উপজেলায় এক ইজিবাইক চালককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রাসেল (২৫) উপজেলার কুমড়োবাড়িয়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে।
সোমবার রাতে এ হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা রাসেলের ইজিবাইকের ব্যাটারি নিয়ে পালিয়েছে বলে জানান সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
মঙ্গলবার সকালে সদর উপজেলার উদয়পুর গ্রামের একটি মাঠ থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ইকবাল বলেন, ইজিবাইকের ব্যাটারি ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় রাসেলকে ওই মাঠে নিয়ে কুপিয়ে ও তার মুখে আগুন দিয়ে হত্যা করে। পরে তারা ইজিবাইকটি নগরবাথান এলাকায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে ফেলে রেখে ব্যাটারি নিয়ে পালিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
