২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনবার দর ডেকেও ক্যামেরা কিনতে পারেনি সংসদ

সংসদ সচিবালয়ে ক্যামেরা না থাকায় পরিচয়পত্রের জন্য ছবি তুলতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দশম জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া সাংসদরা।

সাজিদুল হক

আজাহারুল ইসলাম

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

Published : 19 Jan 2014, 07:10 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

তিনবার দরপত্র আহ্বান করার পরও এখন পর্যন্ত ডিজিটাল ক্যামেরা কিনতে পারেনি সংসদ সচিবালয়ের পরিচয়পত্র শাখা।

সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর রেওয়াজ অনুযায়ী সংসদ সচিবের কার্যালয়ে গিয়ে স্বাক্ষর বইয়ে সই করেন নতুন সাংসদরা। পরে সেখানেই আইডি কার্ডের জন্য ছবি তোলার কথা।

কিন্তু গত ৯ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত শপথ নেয়া ২৯৩ জন সাংসদের আইডি কার্ডের জন্য ছবি জমা দিতে হয়েছে। সেই ছবি স্ক্যান করেই বানানো হচ্ছে সাংসদদের আইডি কার্ড।

৯ জানুয়ারি শপথ নেয়ার পর সংসদ সচিবের কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যামেরা না থাকা নিয়ে আক্ষেপও করেন।

ওই সময় উপস্থিত সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইডি কার্ডের জন্য ছবি তোলার ক্যামেরা না থাকায় প্রধানমন্ত্রী বলেন, ‘সমস্ত দেশ ডিজিটাল বানাচ্ছি; আর আমার সংসদেই ক্যামেরা নেই।’ এরপর প্রধানমন্ত্রী আর কিছু না বলে সচিবের কক্ষ ত্যাগ করেন।”

এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আর্থিক সংস্থান হলেই ক্যামেরা কেনা হবে।”

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দেয়া হয়। ২০০৯ সালে সরকার গঠনের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপও নেয়া হয়।

এর অংশ হিসেবে ‘ডিজিটাল সংসদ’ গড়ার কাজ শুরু করা হয়। ইউএনডিপিসহ বিদেশি দাতাদের অর্থায়নে পরিচালিত বেশ কয়েকটি প্রকল্প থেকে ‘ডিজিটাল সংসদ’ গড়তে অর্থ দেয়া হচ্ছে। সরকারি অর্থায়নে সাংসদদের জন্য ৩৫০টি ল্যাপটপও কেনা হয়েছিল বিগত সংসদের সদস্যদের জন্য, যদিও সেগুলো গুদামেই রয়ে যায়।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, ২০১২ সালে সংসদ কমিশন বৈঠকে সংসদের ডিজিটাল অ্যাক্সেস সিস্টেম প্রকল্প অনুমোদন পায়। ওই প্রকল্পের আওতায় আইডি কার্ড শাখার জন্য ৫০ হাজার টাকায় একটি ডিজিটাল ক্যামেরা কেনার অনুমোদন দেয়া হয়।

অনুমোদন পাওয়ার পর এখন পর্যন্ত তিনবার টেন্ডার আহ্বান করা হলেও বিভিন্ন জটিলতায় তা কেনা হয়নি।

প্রধানমন্ত্রীর ‘আক্ষেপের’ পর এবার চতুর্থবারের মতো আবারো টেন্ডারের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন এক কর্মকর্তা।