লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন
দশম সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার এ আসনের স্থগিত ২১ কেন্দ্রে ভোটগ্রহণের দিন জালভোট পড়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের এ ঘোষণা দিলেন জেলা আওয়ামী লীগের এ সিনিয়র সহসভাপতি। সফিকুল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ আউয়ালের নিকটতম প্রতিদ্বন্দ্বী।
রামগঞ্জের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সফিকুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের।
ভোট হওয়া ৬০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৫৪,৯২৬ ভোটের মধ্যে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ও মহাজোট মনোনীত প্রার্থী এম এ আউয়াল নৌকা মার্কা নিয়ে ৩২,০৫৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম আনারস মার্কা নিয়ে ২০,৯১১ ও জাতীয় পার্টির মাহমুদুর রহমান লাঙল মার্কায় পেয়েছেন ১৯৫৮ ভোট।
স্থগিত ২১ কেন্দ্রে ভোটার সংখ্যা হলো ৫০,২৭৯।
