২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমায় দগ্ধ বাচ্চুকেও বাঁচানো গেল না

বিএনপি-জামায়াত জোটের হরতালের মধ্যে চাঁদপুরে পেট্রোল বোমায় দগ্ধ এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 09:05 AM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বাচ্চু প্রধান (৫০) নামে ওই কৃষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাচ্চুর শরীরের ৪৯ শতাংশ পুড়ে গিয়েছিল।”

গত ৬ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাঁদপুর থেকে মতলবে যাওয়ার পথে মুন্সীরহাট ও বাবুরহাটের মাঝামাঝি এলাকায় বাচ্চুর অটোরিকশায় পেট্রোল বোমা ছোড়া হয়।

পরে বাচ্চুর স্ত্রী ওহিদা বেগম ও মেয়ের জামাই জুয়েল মিয়া গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ ও হরতালে গত কয়েক মাস ধরে দেশব্যাপী নাশকতায় নিহত হয়েছেন কয়েকশ মানুষ। যানবাহনে অগ্নিসংযোগ ও বোমায় দগ্ধ হতে হয়েছে বহু মানুষকে।

পেট্রোল বোমায় দগ্ধ কৃষক