২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলি, আটক ৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুপক্ষের গোলাগুলির পর ডাকাত সন্দেহে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 08:34 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

সোমবার গভীর রাতে রাজাপুর ইউনিয়নের বোলগাছি গ্রামে এ সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে পুলিশের দুটি পোশাক, একজোড়া হাতকড়া ও  তিনটি রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বোলগাছি গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে আব্দুল মমিন (২২), গুচ্ছপাড়ার আব্দুল মালেকের ছেলে মুসা সেখ (২৪), ঠাকুরপাড়ার সেকেন প্রামানিকের ছেলে নজরুল ইসলাম (২৩), আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম (৩২) ও বাওগ্রামের জমশের আলীর ছেলে ইসমাইল হোসেন (৩০)।

বেলকুচি থানার ওসি আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোলগাছি গ্রামের গফুরের শ্যালো ঘরে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

"উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। পুলিশও পাল্টা ১৪ রাউন্ড গুলি ছোড়ে।"

এসময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার এবং পুলিশের পোশাক, হাতকড়া ও দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ওসি আরো জানান, গ্রেপ্তাররা পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।